International
৭ এপ্রি, ২০২৬

ইসরাইলের হামলায় ইরানের কাশান রেলওয়ে সেতুতে ২ জনের মৃত্যু

ইসরাইলের হামলায় ইরানের কাশান রেলওয়ে সেতুতে ২ জনের মৃত্যু

ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে ইসরাইলের হামলায় দুজন নিহত হয়েছেন। মেহর নিউজ এজেন্সি সূত্রে এই খবর জানা গেছে।

ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় দুজন প্রাণ হারিয়েছেন।

এই হামলার আগে ইসরাইল ট্রেন ব্যবহার না করার জন্য ইরানের জনগণকে হুমকি দিয়েছিল। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে একটি 'জরুরি সতর্কবার্তা' জারি করে ইরানিদের আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, 'ট্রেনে ও রেললাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।'

উল্লেখ্য, ইরানকে চুক্তিতে রাজি হতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলটিমেটাম যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) শেষ হচ্ছে। ট্রাম্প বলেছেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব এবং মঙ্গলবার রাতটি সেই রাত হতে পারে।

#ইসরাইল #ইরান #কাশান #রেলওয়েসেতু #হামলা