ইউক্রেনের কিয়েভে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো জানিয়েছেন, দক্ষিণ কিয়েভের হোলোসিভস্কি জেলায় এক ব্যক্তি প্রথমে রাস্তায় গুলি চালায় এবং পরে একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে জিম্মি করে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাস্তায় চারজন নিহত হন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৩০ বছর বয়সী এক নারী মারা যান এবং হামলাকারী একজন জিম্মিকে হত্যা করে। পুলিশ প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সঙ্গে আলোচনার চেষ্টা করে, কিন্তু সে অস্থির আচরণ করছিল এবং কোনো দাবি জানায়নি। আহতদের চিকিৎসার সুযোগ দেওয়ার প্রস্তাবও সে প্রত্যাখ্যান করে।
অবশেষে, একজন জিম্মিকে হত্যার পর পুলিশ তাকে নিষ্ক্রিয় করার নির্দেশ দেয়। পুলিশের সঙ্গে গোলাগুলিতে সুপারমার্কেটের ভেতরেই হামলাকারী নিহত হয়। হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও জানা যায়নি। আহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি শিশুও রয়েছে।
#কিয়েভ #ইউক্রেন #বন্দুকহামলা #নিহত