জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফির অকাল মৃত্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
রাফিয়া সুলতানা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে এনসিপি ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলটির কেন্দ্রীয় ও জেলা নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া বগুড়া জেলা এনসিপির কার্যালয়ে বাদ এশা তার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
#রাফিয়া_সুলতানা_রাফি #এনসিপি #বগুড়া #রাজনৈতিক_নেত্রী #মৃত্যু