National
২৪ মার্চ, ২০২৬

জমি নিয়ে বিরোধ: বাবা কে পিটিয়ে হত্যা, এলাকায় তোলপাড়

জমি নিয়ে বিরোধ: বাবা কে পিটিয়ে হত্যা, এলাকায় তোলপাড়

ভোলার দৌলতখানে জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে আবু বকর সিদ্দিক (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে চরখলিফা ইউনিয়নের ফকির বাড়িতে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাত সন্তানের জনক আবু বকর সিদ্দিক তার জমি বিক্রি করে প্রাপ্ত টাকা ছেলে নূর নবীর কাছে জমা রাখেন। এই ঘটনায় তার অন্য সন্তানরা ক্ষুব্ধ হয়ে বৃদ্ধের সাথে অশালীন আচরণ করে।

 

ঘটনার রাতে ছেলে নূর মোহাম্মদ এবং দুই মেয়ে ইয়াসমিন ও শারমিন বৃদ্ধ বাবার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এ সময় নূরনবী প্রতিবাদ করলে তার ভাইপো তৌহিদের সাথে মারামারি হয়। ধারণা করা হচ্ছে, ছেলেমেয়েদের অশালীন আচরণ ও মারামারির শোক সহ্য করতে না পেরে বৃদ্ধ স্ট্রোকে মারা যান।

 

তবে, নিহত বৃদ্ধের ছেলে নূরনবী অভিযোগ করেছেন যে, তার ভাই নূর মোহাম্মদ, বোন ইয়াসমিন ও শারমিন তার বাবাকে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে ভাতিজা তৌহিদ লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

 

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস জানিয়েছেন, পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহালে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

#দৌলতখান #বৃদ্ধেরমৃত্যু #জমিবিরোধ