National
১০ এপ্রি, ২০২৬

জমিসংক্রান্ত বিরোধে গোপালগঞ্জে সংঘর্ষ: নারীসহ ১০ জন আহত

জমিসংক্রান্ত বিরোধে গোপালগঞ্জে সংঘর্ষ: নারীসহ ১০ জন আহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এই ঘটনা ঘটে।

বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহত সাতজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।


#গোপালগঞ্জ #কাশিয়ানী #জমিসংক্রান্তবিরোধ #সংঘর্ষ #আহত