জন্মদিনের কেক কেটে ফেরার পথে ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কলেজছাত্রকে জন্মদিনের কেক কেটে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ১টার দিকে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি রোড এলাকায়। নিহত নাহিয়ান রবিন (২৩) গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেনের ছেলে এবং কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় রবিনের বন্ধু মাসুম (২৪) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর এলাকার কলেজ রোডের নিজবাড়ি থেকে ব্যবসায়ী মোতাবেল মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (৪১) কে গ্রেপ্তার করেছে। পুলিশ তার কাছ থেকে দুটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড কার্তুজ, ১০০ পিস ইয়াবা, ১টি সুইস গিয়ার এবং একটি চাকু উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল নাহিয়ান রবিনের ২৩তম জন্মদিন। সোমবার রাত ১২টা ১ মিনিটে গফরগাঁও পশু হাসপাতাল রোডের বউ বাজারের পাশে তার বন্ধুরা মিলে কেক কাটার একটি আয়োজন করেছিল। কেক কাটার পর রবিন দ্রুত বাড়ি ফিরতে চায় তার মায়ের হাতে জন্মদিনের ভাত খাওয়ার জন্য। অনুষ্ঠান শেষে সে বন্ধু মাসুমের মোটরসাইকেলে বাড়ির পথে রওনা দেয়।
মাজারবাড়ি রোড ও কলাবাগান রোডের মোড়ে পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে। তারা প্রথমে রবিন ও মাসুমের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তাদের দুজনকেই রাস্তায় ফেলে দেয়। মাসুম কোনোমতে দৌড়ে পালাতে সক্ষম হলেও, দুর্বৃত্তরা রবিনকে নির্মমভাবে পিটিয়ে ও কুপাতে থাকে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রবিনকে উদ্ধার করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে রবিন মৃত্যুবরণ করে।
নিহত রবিনের মা শান্তা বেগম (৪২) অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “ছেলে আমাকে ফোন করে জানাল, মা আসতেছি। জন্মদিনে তোমার হাতে ভাত খাব। ছেলে তো আসলো না। ছেলের লাশ আসলো। আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।”
রবিনের পিতা মোফাজ্জল হোসেন (৪৬) জানান, বাজারের ব্যবসায়ী মোতালেবের ছেলেদের সাথে তার ছেলের অনেক আগে থেকেই শত্রুতা ছিল। তিনি তার ছেলের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানান।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান জানিয়েছেন, নিহত রবিনের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #গফরগাঁও #ময়মনসিংহ #কলেজছাত্র #হত্যাকাণ্ড #অপরাধ