জুয়ায় আসক্ত কলেজ শিক্ষার্থী টাকার জন্য মায়ের সাথে ঝগড়ার পর ১৩ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা

রাজধানীর কলাবাগানে জুয়া খেলার টাকা না পেয়ে মো. ফয়সাল মাহমুদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থী ১৩ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। রোববার দিবাগত রাতে কলাবাগানের ‘ইস্টার্ন পান্থছায়া’ ভবনে এই ঘটনা ঘটে। ফয়সাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় মারাত্মকভাবে আসক্ত ছিলেন। জুয়া ও নেশার টাকা জোগাতে তিনি প্রতিদিন মায়ের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা নিতেন এবং টাকার জন্য বাসায় ভাঙচুরও করতেন।
গত শনিবার রাতে টাকার জন্য মায়ের সাথে তার বাকবিতণ্ডা হয়। রোববার রাত ৯টার দিকে ফয়সাল উত্তেজিত হয়ে তার মাকে ঘরে আটকে রাখেন। জীবন বাঁচাতে তার মা ভবন মালিক সমিতির সদস্যদের সাহায্য চান এবং প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। এ সময় ফয়সাল বাসার গ্রিল খুলে ১৩ তলা থেকে লাফিয়ে পড়েন। পরে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের জুয়ার আসক্তি ও মানসিক অস্থিরতা থেকেই ফয়সাল এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
#কলাবাগান #আত্মহত্যা #জুয়া #কলেজশিক্ষার্থী