কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে সার্কেলের প্রত্যাহারের দাবি

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সার্কেল সৈয়দ মুবিদ রায়হানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করা হয়েছে।
শুক্রবার রাতে উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় পৌর শহরে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া ও পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন। বিক্ষোভ মিছিলটি সোনাগাজী জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে মডেল থানার সামনে এসে শেষ হয়।
এতে অংশ নেন উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বা য়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্যসচিব রাসেল হামিদীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, সৈয়দ মুবিদ রায়হান নোয়াখালী ছাত্রলীগের ক্যাডার ছিলেন। তিনি এখানে আসার পর থেকে বিভিন্ন রকমের অনিয়ম ও অন্যায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। ছাত্রলীগ ক্যাডারদের তার অফিসে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। আমরা ৫ আগস্টে নিজেদের জীবন দিয়ে দেশকে ফ্যাসিস্ট-মুক্ত করেছি এখানে ফ্যাসিবাদীদের প্রতিষ্ঠার জন্য নয়।
তিনি আরো বলেন, এই সার্কেল মানুষকে আইনি সহায়তা না করে সোনাগাজীতে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। কিশোরগ্যাং সদস্যদের প্রশ্রয় দিচ্ছে। মানুষ আইনি সেবা চাইলে তাদের বসিয়ে সালিশ বাণিজ্যের মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।
পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, ‘আমরা সার্কেলের প্রত্যাহার চাই এবং তার বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত চাই।’
পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন জানান, এই সার্কেলের বিরুদ্ধে ইতিমধ্যে বহু অভিযোগ তৈরি হয়েছে। শুনেছি তিনি নাকি সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যদের অফিসে বসিয়ে আড্ডা দেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের দেনদরবার করেন। আমরা সোনাগাজীর আইনশৃঙ্খলা ঠিক রাখতে তার প্রত্যাহার চাই।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, দায়িত্বরত সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে সোনাগাজীর চরের প্রকল্পগুলো নিয়ে সালিশ বাণিজ্যের বেশ কিছু অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন তার বিরুদ্ধে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করছেন। তারই অংশ হিসেবে হয়তো বিক্ষোভ হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সৈয়দ মুবিদ রায়হানের অফিসের নম্বরে বারবার অফলাইন ও অনলাইনে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বিক্ষোভের বিষয়টি স্বীকার করে বলেন, বিক্ষোভ রাস্তায় হয়েছে। কেউ থানা ঘেরাও করেনি।
#বাংলাদেশ #সোনাগাজী #ছাত্রলীগ #বিএনপি #যুবদল