National
৩ মার্চ, ২০২৬

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ক্ষোভ

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ক্ষোভ

বাগেরহাটের কচুয়া উপজেলার ছোট আন্ধারমানিক বটতলা এলাকায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন:

  • মিজান শেখ (গ্যারেজ)
  • প্রশান্ত মৃধা (টেইলার্স)
  • বাদশা সেখ (মুদি দোকান)
  • সিরাজুল শেখ (ফিড মিলের দোকান)
  • কাইউম ব্যাপারী (মুদি দোকান)
  • আলামীন শেখ (মুদি দোকান)
  • আলামীন শেখ (ইলেকট্রনিক্স দোকান)
  • আশিস মৃধা (মুদি দোকান)

ভুক্তভোগীরা ফায়ার সার্ভিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আগুন লাগার পরপরই খবর দেওয়া হলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেড় ঘণ্টার বেশি সময় নেয়, যার ফলে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। এই বিলম্বের কারণে রাতেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর রোষানলে পড়ে দ্রুত এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়াও, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জরুরি খাদ্যসহায়তা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। তিনি সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও প্রদান করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে এটি সাধারণ দুর্ঘটনা নাকি কোনো নাশকতা, তা অধিকতর তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।