কেন্দুয়ায় ৯ বছরের শিক্ষার্থীর আত্মহত্যা: শোক ও উদ্বেগ

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কেন্দুয়া পৌরসভার কান্দিউরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. সায়েম (৯) কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে সায়েম নিজ বসতঘরে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং আত্মহত্যার পেছনের কারণ খতিয়ে দেখতে গুরুত্ব সহকারে তদন্ত চালাচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এত অল্প বয়সে একটি শিশুর আত্মহত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল শিশুদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও বেশি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।