Accident
১৩ মার্চ, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়িতে পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

খাগড়াছড়ির মানিকছড়িতে পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

খাগড়াছড়ির মানিকছড়ি মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. আল ওয়াসি মুহাম্মদ রাফি, সে মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার দুপুর ১টার দিকে মানিকছড়ি বাজারের পুরাতন উপজেলা সড়কের দিকে যাচ্ছিল একটি পিকআপ। এ সময় বিপরীত দিক থেকে সাইকেল চালিয়ে আসা রাফির সঙ্গে পিকআপটির ধাক্কা লাগে। উভয়ই নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে এবং রাফি গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাফির মা রুজি আক্তার মানিকছড়ি সার্কেল অফিসে পুলিশের কনস্টেবল এবং বাবা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বেলছড়ি এলাকায়।

মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

#খাগড়াছড়ি #মানিকছড়ি #সড়কদুর্ঘটনা #স্কুলছাত্রনিহত #পিকআপধাক্কা