Chattogram
২৯ মে, ২০২৬

খাগড়াছড়িতে দুই মোটরসাইকেল চালক অপহরণ ও নির্যাতনের শিকার

খাগড়াছড়িতে দুই মোটরসাইকেল চালক অপহরণ ও নির্যাতনের শিকার

খাগড়াছড়ির রামগড়ে দুই মোটরসাইকেল চালককে অপহরণের পর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাকলাপাড়া এলাকায়। অপহৃত ও নির্যাতিত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির গুইমারা উপজেলার মুসলিমপাড়ার বাসিন্দা মো. শাহাজানের ছেলে নুরুল হক (২৩) এবং নুর আলমের ছেলে নাজমুল ইসলাম (১৮)।

ভুক্তভোগী নুরুল হক জানিয়েছেন, পাগলাপাড়া এলাকায় একটি বাগান থেকে ৫০০ টাকার লিচু সংগ্রহের জন্য সজল মারমা তার মোটরসাইকেল ভাড়া করেন। তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮) পাগলাপাড়া লিচুবাগানে আসেন। বাগান থেকে প্রায় ১০০ টাকার লিচু দেওয়ার পর নাজমুলের সন্দেহ হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে সজল মারমাকে ফোনে বিষয়টি জানান। পরে সেই লিচু নিয়ে পুনরায় গুইমারার উদ্দেশে রওনা হওয়ার সময় পাগলাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে একটি সশস্ত্র উপজাতীয় গোষ্ঠী গাছ ফেলে মোটরসাইকেলটি থামায়। তারা নুরুল হক ও নাজমুল ইসলামকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য হিসেবে বক্তব্য দিতে বাধ্য করে এবং সেটির ভিডিও ধারণ করে। পরবর্তীতে তাদের চোখ বেঁধে সারা দিন বিভিন্ন পাহাড়ি এলাকায় ঘুরানো হয়। অবশেষে রাত সাড়ে ৮টার দিকে থলিবাড়ী ও তৈইচাকমা এলাকার মাঝামাঝি একটি স্থানে তাদের অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।

খবর পেয়ে সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফের নেতৃত্বে একটি পেট্রোল বাহিনী পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে। বর্তমানে দুজন রামগড় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

#খাগড়াছড়ি #অপহরণ #নির্যাতন #রামগড়