খুবির ‘বিজয়-২৪’ হলের প্রভোস্টকে অব্যাহতি, গঠিত হলো তদন্ত কমিটি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিমের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি প্রদান করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদকে আগামী তিন বছরের জন্য ‘বিজয় ২৪’ হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, গত ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য মাত্র ৮ শতাংশ সিট বরাদ্দের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। গভীর রাতে বৃষ্টি উপেক্ষা করে তারা প্রভোস্টের অপসারণের দাবিতে সোচ্চার হন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে নোটিশ ছাড়াই জরিমানা, সিট বাতিলের হুমকি, স্বজনপ্রীতি এবং শিক্ষার্থীদের মানসিকভাবে হেয় করার মতো ঘটনা ঘটে আসছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম নতুন প্রভোস্ট নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। ‘বিজয় ২৪’ হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফনান আজিজ রামিন বলেন, ‘শিক্ষার্থীরা বর্তমানে যে সিটে আছেন, মাস্টার্সেও যেন সেখানেই নিরবচ্ছিন্নভাবে থাকার সুযোগ পান।’
অব্যাহতিপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনার সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান সাবেক প্রভোস্টের অব্যাহতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি কেবল জানান, সাবেক প্রভোস্টের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
#খুবি #প্রভোস্ট #তদন্তকমিটি #হলপ্রশাসন