কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রমিজ উদ্দিন চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে গেলে সেখানে নদের তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকেরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে মারধর শুরু করে এবং একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাকুন্দিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে, তবে এর মালিকের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানিয়েছেন।