Chattogram
৪ এপ্রি, ২০২৬

কক্সবাজারে ডাম্পারের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু, একজন গুরুতর আহত

কক্সবাজারে ডাম্পারের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু, একজন গুরুতর আহত

কক্সবাজার শহর সংলগ্ন ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (আজ) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মোক্তারকুল এলাকার নুরুল হকের ছেলে রিসান (১৯) এবং খরুলিয়া দরগাহ পাড়া এলাকার সৈকত আলীর ছেলে আরাফাত (২১)।

 

দুর্ঘটনায় গুরুতর আহত সানি (১৮) নামে আরেক যুবককে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি বাংলাবাজার মোক্তারকুল এলাকার মনিরুল আলমের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির রেজিস্ট্রেশনবিহীন ডাম্পার ট্রাক তিন বন্ধুর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিসান ও আরাফাত নিহত হন।

 

নিহত রিসানের নিকটাত্মীয় মুন্না চৌধুরী জানান, ধাক্কা দেওয়ার পর ডাম্পার ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ডাম্পারটি শনাক্ত করার চেষ্টা করছে।

 

রামু ক্রসিং হাইওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সম্ভবত মোটরসাইকেলটি দ্রুত গতিতে ছিল।

 

জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত তিনজনকে হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর ডাম্পার ট্রাকটি পালিয়ে গেছে।

 

#কক্সবাজার #সড়কদুর্ঘটনা #ডাম্পার #মোটরসাইকেল #নিহত #আহত