কক্সবাজারের চকরিয়া: তামাক প্রক্রিয়াজাতকরণ শেড থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অতিষ্ঠ এলাকাবাসী

কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়নের কয়েকটি পরিবারের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বসতবাড়ির জানালার পাশেই গড়ে ওঠা তামাক প্রক্রিয়াজাতকরণের অস্থায়ী শেড থেকে নির্গত তীব্র তামাকের গন্ধে শ্বাসকষ্ট, চোখ জ্বালা এবং শিশুদের কাশিসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মো. ছরওয়ার আলম বৃহস্পতিবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বাড়ির প্রধান জানালার নিচেই টিনশেডে সকাল থেকে বিকেল পর্যন্ত তামাকপাতা শুকানো হয়। এতে বাতাসে ছড়িয়ে পড়ে তামাকের ধুলা, অ্যালার্জেন এবং তীব্র গন্ধ, যা গরমের সাথে মিলে পরিস্থিতি আরও অসহনীয় করে তোলে। গত এক বছর ধরে এই কার্যক্রম চললেও সম্প্রতি তা ব্যাপক আকার ধারণ করেছে। এতে এলাকাবাসী নাক-চোখ জ্বালা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে ভুগছেন। নারীরা নাক-মুখ ঢেকে ঘরে থাকতে বাধ্য হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, এই কার্যক্রম পরিচালনা করছেন একই এলাকার বাসিন্দা মহিউদ্দিন। একাধিকবার অভিযোগ জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তামাক প্রক্রিয়াজাতকরণ একটি ঝুঁকিপূর্ণ কার্যক্রম যা আবাসিক এলাকায় নিষিদ্ধ। পরিবেশবিদ ইদ্রিস আলী জানান, জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে এমন কার্যক্রম পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দণ্ডনীয় অপরাধ। আবাসিক এলাকার ন্যূনতম দূরত্ব বজায় রেখে শিল্প-কারখানা স্থাপন বাধ্যতামূলক।
#কক্সবাজার #চকরিয়া #তামাকদূষণ #পরিবেশসংকট #স্বাস্থ্যঝুঁকি