কলাপাড়ায় অবৈধভাবে পরিবহনকালে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ, ফিলিং স্টেশন মালিককে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ট্রলার থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পৌর শহরের ফেরিঘাটসংলগ্ন আন্ধারমানিক নদীতে এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করা হয়। ট্রলারটিতে মোট ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল বোঝাই ছিল। জ্বালানিভর্তি এই ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে তেল সরবরাহের দায়ে কলাপাড়ার 'বিসমিল্লাহ ফিলিং স্টেশন'-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানিয়েছেন, ফিলিং স্টেশন থেকে নিয়মবহির্ভূতভাবে তেল সংগ্রহ, মজুত বা অবৈধ পরিবহনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং অবৈধ ব্যবসায়ীদের দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
#কলাপাড়া #ডিজেল #পেট্রোল #অভিযান #ভ্রাম্যমাণআদালত