কলম্বিয়ার অ্যামাজন অঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত: ৬৬ জনের মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত

দক্ষিণ আমেরিকার পেরু সীমান্তবর্তী কলম্বিয়ার অ্যামাজন অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স কলম্বিয়া সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাকবলিত বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনাসদস্য এবং জাতীয় পুলিশের ২ জন কর্মকর্তা ছিলেন।
এখন পর্যন্ত অর্ধশতাধিক আরোহীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনো চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি ছিল লকহিড মার্টিন নির্মিত সি-১৩০ হারকিউলিস মডেলের একটি সামরিক পরিবহন বিমান। দুর্ঘটনার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
#কলম্বিয়া #সামরিকবিমান #দুর্ঘটনা #অ্যামাজন