National
২ মার্চ, ২০২৬

কমলনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্ত্রী আহত, লুট ১০ লাখ টাকার মালামাল; জমি বিরোধের সন্দেহ

কমলনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্ত্রী আহত, লুট ১০ লাখ টাকার মালামাল; জমি বিরোধের সন্দেহ

লক্ষ্মীপুরের কমলনগরে এক সৌদি প্রবাসী বেল্লাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন এবং নগদ টাকা, ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

জানা যায়, সৌদি প্রবাসী বেল্লাল হোসেন সম্প্রতি ছেলের বিয়ের উদ্দেশ্যে দেশে ফেরেন। ঘটনার রাতে একদল ডাকাত ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। তারা বেল্লাল হোসেন ও তার স্ত্রী মারজাহানকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা স্টিলের আলমারির চাবির জন্য তাদের ব্যাপক মারধর করে। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর শরীরের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয় এবং প্রচণ্ড মারধরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর ডাকাতরা আলমারি ভেঙে প্রবাস থেকে আনা দুটি স্বর্ণের চেইন, ডলার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।

আহত গৃহবধূকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী বেল্লাল হোসেন জানান, তার স্ত্রী ডাকাতদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তবে, এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা ও একজন জনপ্রতিনিধি এই ঘটনাকে ভিন্ন চোখে দেখছেন। তারা জানান, বেল্লালের চাচা ও চাচাতো ভাইদের সাথে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৫ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছিল। তাদের মতে, ডাকাতির ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যে তড়িঘড়ি করে কোর্টে মামলা করতে যাওয়াটা স্বাভাবিক নয় এবং এটি একটি পরিকল্পিত ঘটনা হতে পারে, এমনকি ঘটনার আগেই মামলার প্রস্তুতি চলছিল বলেও তারা সন্দেহ প্রকাশ করেন।

এ বিষয়ে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইনচার্জ আজাদ উদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন। তিনি ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন।