কুকুরকে লাথি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লার দেবিদ্বারে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে একটি কুকুরকে লাথি দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হাতাহাতিতে জুলুস মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মধ্যপাড়ায় আশরবের বাড়ির সামনে একটি চায়ের দোকানে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল (৩৫) একটি কুকুরকে লাথি দিলে এর প্রতিবাদ করেন জুলুস মিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংঘর্ষের একপর্যায়ে কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি আকাশ জানান, তিনি চিৎকার শুনে গিয়ে দেখেন তার দাদা মাটিতে পড়ে আছেন এবং অন্যরা পালিয়ে যাচ্ছে। নিহতের বড় ছেলে ইব্রাহিম এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
#দেবিদ্বার #কুমিল্লা #অপরাধ #মৃত্যু