Chattogram
৬ মার্চ, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপহরণ করে ১ লাখ টাকা লুট: মামলা দায়ের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপহরণ করে ১ লাখ টাকা লুট: মামলা দায়ের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে অপহরণ করে প্রায় ১ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) দুপুরে সংঘটিত এই ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে।

 

ভুক্তভোগী শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল জানান, তিনি ঢাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকাকালীন একটি সাদা প্রাইভেট কার এসে 'উবার' কল করেছেন কিনা জানতে চায়। 'না' বলার পরও তাকে জোরপূর্বক গাড়িতে তুলে মুখ চেপে ধরা হয়। ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার অ্যান্ড্রয়েড ফোন, মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা এবং বিকাশ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

 

দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে আঘাত করে এটিএম কার্ডের পিন নম্বর আদায় করে নেয়। পরবর্তীতে দাউদকান্দির হাবিব মার্কেটের একটি এটিএম বুথ থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। প্রায় তিন ঘণ্টা জিম্মি রাখার পর দাউদকান্দির একটি নির্জন স্থানে তাকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, 'সারা দেশেই এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রকাশ্য দিবালোকে এমন অপরাধ বেড়েই চলেছে।' তিনি ছিনতাইকারীদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে এবং সংখ্যায় চারজন ছিল বলে জানান। বিশ্বরোড এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাদের শনাক্ত করা সম্ভব বলে তিনি মনে করেন।

 

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানিয়েছেন, মামলা হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছেন। তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।