কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, পথচারী নিহত

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়েছে। এই দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধাইয়া এলাকার দোতলা এলাকায়। স্টার লাইন পরিবহনের একটি বাস মহাসড়ক পারাপারের সময় ওই পথচারীর উপর চলে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত হানে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#চান্দিনা #দুর্ঘটনা #হাইওয়েপুলিশ