Accident
২২ মার্চ, ২০২৬

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ নিহত, আহত অনেকে

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ নিহত, আহত অনেকে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

দুর্ঘটনাটি শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক অমিত ভৌমিকও ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলগেট পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় রেলগেট নামানো ছিল না। বাসটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের মুখে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

#কুমিল্লা #দুর্ঘটনা #ট্রেনদুর্ঘটনা #বাসদুর্ঘটনা #নিহত