কুতুবদিয়ায় লবণের দরপতনে দিশেহারা চাষিরা: মণপ্রতি ১৬০ টাকায় বিক্রি, উৎপাদন খরচ ৩০০ টাকা

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ উৎপাদনের ভরা মৌসুমে পণ্যের দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। মাঠে প্রতি মণ লবণ উৎপাদনে ৩০০ টাকা খরচ হলেও, চাষিরা তা বিক্রি করতে পারছেন মাত্র ১৬০ টাকায় (প্রতি কেজি ৪ টাকা)। ফলে প্রতি মণ লবণে ১৪০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের।
চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় সাড়ে ৪ হাজার চাষি ৬ হাজার একর জমিতে লবণ চাষ করছেন। তবে গত মৌসুমে ন্যায্য দাম না পাওয়ায় এবার ৫০০ একর জমি পতিত পড়ে আছে। দক্ষিণ ধুরুংয়ের লবণচাষি মো. কামাল জানান, গত মৌসুমে চার কানি জমিতে এক লাখ টাকা লোকসান হয়েছিল। আলী ফকির ডেইলের চাষি ছোটনও দেড় লাখ টাকা লোকসানের কথা উল্লেখ করে লবণের ন্যায্য দাম নির্ধারণের দাবি জানিয়েছেন।
লবণ ব্যবসায়ীরা জানান, নারায়ণগঞ্জ ও খুলনার মিলগুলোর দামের ওপর ভিত্তি করে মাঠ পর্যায়ে দাম নির্ধারিত হয়। বর্তমানে চাষিরা ১৬০-১৭০ টাকা মণ পেলেও, দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাঠ থেকে লবণ কিনে শ্রমিক ও পরিবহন খরচ বাবদ প্রতি মণে অতিরিক্ত ৬০ টাকা খরচ হয়।
লবণের এই নিম্নমুখী দাম আসন্ন ঈদের কেনাকাটায় মারাত্মক প্রভাব ফেলছে বলে মনে করছেন ব্যবসায়ী ও চাষিরা। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানিয়েছেন, চাষিরা যেন লবণের ন্যায্য দাম পান, সে জন্য সংসদে একটি লবণ বোর্ড গঠনের উদ্যোগ নেবেন তিনি।