International
২৪ মার্চ, ২০২৬

লাগার্ডিয়া বিমানবন্দরে বিমান ও ফায়ার ট্রাকের সংঘর্ষে পাইলটসহ ২ নিহত, আহত ৪১

লাগার্ডিয়া বিমানবন্দরে বিমান ও ফায়ার ট্রাকের সংঘর্ষে পাইলটসহ ২ নিহত, আহত ৪১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

 

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার পর কুইন্স এলাকায় অবস্থিত বিমানবন্দরটিতে এই দুর্ঘটনা ঘটে। মন্ট্রিয়ল থেকে আসা জ্যাজ অ্যাভিয়েশন পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইট ৮৬৪৬ রানওয়ে-৪-এ অবতরণের শেষ পর্যায়ে প্রায় ৩০ মাইল গতিতে থাকা অবস্থায় একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকটি অন্য একটি বিমানের জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে যাচ্ছিল।

 

বিমানে ৭২ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনাস্থলেই পাইলট ও কো-পাইলটের মৃত্যু হয়। পোর্ট অথরিটির এক সার্জেন্ট ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। আহত যাত্রীদের এলমহার্স্ট হাসপাতাল ও নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান কুইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঘটনার সময় বৃষ্টি ও কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় তিন মাইলে নেমে আসে। তবে আবহাওয়া এই দুর্ঘটনার কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সোমবার দুপুর ২টা পর্যন্ত সব ফ্লাইট স্থগিত রাখে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

 

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের সাবেক পরিদর্শক জেনারেল মেরি শিয়াভো বলেন, এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল এবং এর জন্য এফএএর দায়িত্বহীনতা দায়ী। তার মতে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ও গ্রাউন্ড কন্ট্রোলের মধ্যে সমন্বয়ের ঘাটতিই এই দুর্ঘটনার মূল কারণ। বিমানকে রানওয়েতে নামার অনুমতি দেওয়ার পরও একই রানওয়েতে ফায়ার ট্রাক প্রবেশের অনুমতি দেওয়াকে তিনি ‘স্পষ্ট ভুল’ হিসেবে উল্লেখ করেন।

 

#লাগার্ডিয়াবিমানবন্দর #বিমানদুর্ঘটনা #নিউইয়র্ক #এয়ারকানাডা #ফায়ারট্রাক