লালমনিরহাটে জমি বিরোধে চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায়।
বৃহস্পতিবার বিকালে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের জমি ও বসতবাড়ি নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে চাচারা আখতারুজ্জামানকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আখতারুজ্জামানের মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে আখতারুজ্জামানের এক চাচাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, জমি ও বসতবাড়ি নিয়ে আখতারুজ্জামান ও তার চাচাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
#লালমনিরহাট #হাতীবান্ধা #জমি_বিরোধ #মৃত্যু #গ্রেফতার