National
২৫ মার্চ, ২০২৬

লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব শুরু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানোৎসব শুরু হয় এবং আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

উৎসব ঘিরে দেশ-বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা। পাপমুক্তির আশায় নারী-শিশুসহ পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদের ২৪টি ঘাটে স্নান করছেন। এবারের উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের পুণ্যার্থীদের পাশাপাশি ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ থেকেও পুণ্যার্থীরা এসেছেন।

নদীতে নিরাপত্তায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল টহল দিচ্ছে। অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ভক্তদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। পুণ্যার্থীদের জরুরি চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক দল সার্বক্ষণিক নিয়োজিত আছে।

পুণ্যার্থীরা 'হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ করো'—এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী ও ডাব দিয়ে পুণ্য লাভ ও ভগবানের কৃপা লাভের আশায় স্নান করছেন।

জেলা প্রশাসন পুণ্যার্থীদের নির্বিঘ্নে স্নান সম্পন্ন করতে পানি সরবরাহ, শৌচাগার, জনস্বাস্থ্য, পার্কিং, চিকিৎসক দল, হাসপাতাল সুবিধা ও ছয়টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। পুলিশ সুপার জানিয়েছেন, স্নানের নিরাপত্তায় ১ হাজার ১০০ পুলিশ, ৬০০ আনসার ও ২৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। পুরো এলাকা আলোকিত করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে।

#মহাষ্টমী #স্নানোৎসব #লাঙ্গলবন্দ #ব্রহ্মপুত্রনদ #সনাতনধর্ম