লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগে ৭ লাখ টাকার মাছ নিধন, মালিকের পথে বসার উপক্রম

লক্ষ্মীপুরের রামগঞ্জে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগর গ্রামের সুজনের মাছের ঘেরে।
ঘের মালিক সুজন জানান, রোববার রাতে সবকিছু স্বাভাবিক থাকলেও সোমবার ভোরে তিনি ঘেরে এসে দেখতে পান অসংখ্য মৃত মাছ পানির উপর ভেসে আছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মারা গেছে। এই ঘেরের উপরই তার পরিবারের জীবিকা নির্ভরশীল ছিল বলে তিনি জানান।
স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ চৌধুরী বলেছেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#লক্ষ্মীপুর #রামগঞ্জ #মাছেরঘের #বিষপ্রয়োগ #ক্ষতি