Chattogram
১০ এপ্রি, ২০২৬

লক্ষ্মীপুরে অটোরিকশাচালকের চোখ উপড়ানো লাশ উদ্ধার, টাকা লেনদেনকে কেন্দ্র করে হত্যা?

লক্ষ্মীপুরে অটোরিকশাচালকের চোখ উপড়ানো লাশ উদ্ধার, টাকা লেনদেনকে কেন্দ্র করে হত্যা?

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশাচালকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

ফরহাদের স্ত্রী নার্গিস বেগম অভিযোগ করেন, পাওনা টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদকে মোবাইলফোনে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকার খবর পান তিনি। তিনি দাবি করেন, টাকা লেনদেনকে কেন্দ্র করেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

#লক্ষ্মীপুর #হত্যা #অটোরিকশাচালক