লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ দোকান, ৭৫ লাখ টাকার ক্ষতি!

লক্ষ্মীপুরের কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ দোকানগুলোর প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজের সময় আলিফ এন্টারপ্রাইজ নামক একটি গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে স্থানীয় ব্যবসায়ীরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে ঘটনার কারণ বলে ধারণা করেন। পরবর্তীতে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়েই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন।