মাছ ধরায় নিষেধাজ্ঞা: বঙ্গোপসাগরে ৫৮ দিন বন্ধ থাকবে সব ধরনের মৎস্য আহরণ

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। সোমবার দুপুরে সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। দেশের ২০টি ইলিশ সমৃদ্ধ জেলায় এই সপ্তাহ উদযাপিত হবে।
তিনি জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি বজায় রাখা হবে। এছাড়াও, প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত মোট ২২ দিন জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে মন্ত্রী জানান যে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং এটি প্রধানমন্ত্রী দপ্তর থেকে চূড়ান্ত হবে।
#মাছধরা #নিষেধাজ্ঞা #বঙ্গোপসাগর #জাটকা #ইলিশ