মাগুরায় ঝোড়ো বাতাসে গাছের ডাল পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঝোড়ো বাতাসে একটি গাছের ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: শ্রীপুর উপজেলার নারকেল গ্রামের প্রান্ত দত্ত (২৬) এবং একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মাহবুব (২৭)।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, প্রান্ত দত্ত ও মাহবুব মোটরসাইকেলে করে নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে একটি মরা গাছের ডাল তাদের মোটরসাইকেলের ওপর ভেঙে পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় শ্রীপুর উপজেলার নাকোল ও ঘাসিয়াড়া গ্রামে নিহত দুই যুবকের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
#মাগুরাদুর্ঘটনা #মোটরসাইকেলদুর্ঘটনা #গাছেরডালপড়েমৃত্যু #ঝড়োবাতাস #ঢাকাখুলনামহাসড়ক