মাথা ও কবজিবিহীন নারীর অর্ধগলিত লাশ উদ্ধার: চাঞ্চল্য কক্সবাজারে

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন থেকে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ নিহত নারীর পরিচয় নিশ্চিত করেছে। তার নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮), তিনি মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে। তার স্বামীর নাম সাইফুর রহমান।
স্থানীয়দের তথ্যমতে, প্রায় ১৫ দিন ধরে সাদিয়া আক্তার মুন্নি ও তার স্বামী সাইফুর রহমানকে এলাকায় দেখা যাচ্ছিল না। তারা রমজান মাসের মাঝামাঝি সময়ে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, মরদেহটি কম্বলে মোড়ানো ছিল এবং মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এটি অত্যন্ত রহস্যজনক ঘটনা। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে। বিচ্ছিন্ন মাথা এখনো উদ্ধার করা যায়নি।
#কক্সবাজার #খুন #রহস্য