মধ্য নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত, ব্যাপক লুটপাট

মধ্য নাইজেরিয়ার প্লাটো অঙ্গরাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে হামলাকারীরা গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কাডা)।
সংস্থাটি শনিবার এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের প্লাটো অঙ্গরাজ্যে এ হামলার ঘটনা ঘটে। সে সময় বন্দুকধারীরা নিয়মিত টহলে থাকা সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার পর শুরু হওয়া গোলাগুলিতে ১২ জন নিরাপত্তা সদস্য এবং নিজেদের সম্প্রদায় রক্ষায় যোগ দেওয়া আরও আটজন গ্রামবাসী নিহত হন। স্থানীয়দের ভাষায় ‘ব্যান্ডিট’ নামে পরিচিত এই অপহরণকারী সশস্ত্র গোষ্ঠীগুলো নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত মুক্তিপণের জন্য গণ-অপহরণ ও গ্রাম লুটের ঘটনা ঘটায়।
কাডা আরও জানায়, সেনাদের ওপর হামলার পর বন্দুকধারীরা পাশের একটি গ্রামে ঢুকে পড়ে এবং গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়। এতে আগে থেকেই ঝুঁকিতে থাকা গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বেড়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে বিভিন্ন নিরাপত্তা সংকটের মুখোমুখি। দেশটিতে উগ্র ইসলামপন্থি বিদ্রোহ মোকাবিলায় সেনাবাহিনী লড়াই চালিয়ে গেলেও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
#নাইজেরিয়া #বন্দুকধারীহামলা #প্লাটোরাজ্য #নিরাপত্তাসংকট #গ্রামলুট