National
৬ এপ্রি, ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৭ বাংলাদেশির মৃত্যু, লাশ দেশে আনার চেষ্টা চলছে

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৭ বাংলাদেশির মৃত্যু, লাশ দেশে আনার চেষ্টা চলছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদের মধ্যে চারজনের লাশ দেশে আনা হয়েছে এবং একজনকে সংযুক্ত আরব-আমিরাতে দাফন করা হয়েছে।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের লাশ গ্রহণকালে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন, নিহত হওয়া বাকি দুজনের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দাফনকাজের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে।

মন্ত্রী মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার জন্য সংঘাতময় এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানান।

গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে আব্দুল্লাহ আল মামুন অগ্নিদগ্ধ হন। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

এ সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#মধ্যপ্রাচ্যসংঘাত #বাংলাদেশিপ্রবাসী #নিহত #প্রবাসীকল্যাণমন্ত্রণালয়