মধ্যপ্রাচ্যের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলমের লাশ দেশে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যের সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর আল-রিফাআ এলাকার কৃষি খামারে ড্রোন দুর্ঘটনায় নিহত বাংলাদেশি কৃষিশ্রমিক প্রবাসী শাহ আলম ভূঁইয়ার লাশ বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন এলাকায় এসে পৌঁছেছে।
লাশবাহী গাড়ি বাড়ির সামনে পৌঁছাতেই পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা নিহতকে বহন করা কফিন ঘিরে আহাজারি করতে থাকেন। এতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
গত ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আকাশে অনুপ্রবেশকারী একটি ড্রোনকে আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ভূপাতিত করে। এ সময় আল-রিফাআ এলাকার একটি কৃষি খামারের ওপর ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে। এতে ওই খামারে কর্মরত বাংলাদেশি কৃষিশ্রমিক শাহ আলম ভুঁইয়া (৪৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকার ইসমাইল ভূঁইয়াবাড়ির মৃত হানিফ ভূঁইয়ার মেজো ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, মৃত্যুর আট দিন পর বাড়িতে এসে পৌঁছেছে শাহ আলম ভূঁইয়ার লাশ। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আসর তার জানাজা ও দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
#ড্রোনদুর্ঘটনা #প্রবাসীবাংলাদেশি #শাহআলমভূঁইয়া #সংযুক্তআরবআমিরাত #কুমিল্লা