National
১ মার্চ, ২০২৬

মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি: যুবকের মৃত্যুতে ক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি: যুবকের মৃত্যুতে ক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও কর্তব্যে অবহেলার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে ‘ইনকিলাব মঞ্চ’ মেঘনা উপজেলার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি জমা দেন।

বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি চিকিৎসা না পাওয়ায় এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি ৩৪ বছর বয়সী রুবেল সিকদার কর্মস্থলে আহত হয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। অভিযোগ উঠেছে, তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধের ব্যবস্থা না করেই ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়, যা এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্মারকলিপিতে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো:

  • অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তি নিশ্চিত করা।
  • হাসপাতালের ভেতরেই এক্স-রেসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা।
  • মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে যথাযথ স্থানে প্রেরণ করা।
  • হাসপাতালের অবকাঠামো সংস্কার ও আধুনিক সরঞ্জাম সরবরাহ করা।
  • সার্বক্ষণিক গাইনি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া।
  • জরুরি বিভাগে ২৪ ঘণ্টা এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা।
  • রোগীদের নিরাপত্তা জোরদার করা।
  • স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা আনতে কার্যকর মনিটরিং কমিটি গঠন করা।

এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মানববন্ধন শেষে দিদারুল ইসলাম, সজিবুল ইসলামসহ মেঘনার সর্বস্তরের জনগণের পক্ষে স্বাক্ষরিত স্মারকলিপি ইউএনও মৌসুমী আক্তারের কাছে হস্তান্তর করা হয়। ইউএনও জানিয়েছেন, স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।