Mymensingh
৫ মার্চ, ২০২৬

মেলান্দহে বাইক সংঘর্ষে নিহত ২: বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মেলান্দহে বাইক সংঘর্ষে নিহত ২: বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

জামালপুরের মেলান্দহে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় চাচা-ভাতিজাসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার কাজল মিয়া (৪২) এবং তার ভাতিজা আকাশ মিয়া (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, কাজল মিয়া ও আকাশ মিয়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান।

গুরুতর আহত অবস্থায় কাজল মিয়াকে প্রথমে মেলান্দহ হাসপাতালে নেওয়া হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় অপর বাইকচালক সাইম (২২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।