মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী বেলায়েত হোসেন বেলালের মৃত্যু

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন বেলাল (৬২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর বাজারের উত্তর পাশে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন বেলাল মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মেঘারবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি মেসার্স কেবি ট্রেডার্স ও মেসার্স সোনালী ব্রিক্সের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিজ বাড়ি থেকে মোটর বাইকে মেলান্দহ বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#মেলান্দহ #সড়কদুর্ঘটনা #ব্যবসায়ী #জামালপুর