মগবাজারে নারীঘটিত ঘটনায় স্কুলছাত্র রাব্বি ছুরিকাঘাতে নিহত

রাজধানীর মগবাজারের মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী জানান, রাব্বিকে পাঁচ-ছয়জন যুবক বুকে ও পেটে ছুরিকাঘাত করে। সে সময় তার সঙ্গে একটি মেয়ে ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা জহিরুল ইসলাম জানান, স্থানীয় বখাটে উজ্জ্বলসহ পাঁচ-ছয় যুবক এই হত্যাকাণ্ডে জড়িত। নিহত রাব্বি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মো. ফারুকের ছেলে। তিনি মগবাজারের নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
#মগবাজারহত্যাকাণ্ড #স্কুলছাত্ররাব্বি #নারীঘটিতঘটনা #ছুরিকাঘাত #ঢাকাঅপরাধ