International
৩০ মার্চ, ২০২৬

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট প্রার্থী হতে পদত্যাগ করেছেন

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট প্রার্থী হতে পদত্যাগ করেছেন

মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির পার্লামেন্টের আসন্ন ভোটে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের পদ থেকে পদত্যাগ করেছেন।

 

সোমবার নেপিদোতে এক অনুষ্ঠানে জেনারেল হ্লাইং এই পদ অভিজ্ঞ কর্মকর্তা জেনারেল ইয়ে উইন উ-এর কাছে হস্তান্তর করেন। উইন উ ২০২০ সালে গোয়েন্দা প্রধান এবং চলতি মাসের ৪ তারিখে সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে পদোন্নতি লাভ করেন।

 

একইদিন মিয়ানমারের নবনির্বাচিত পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে আইনপ্রণেতারা দুজন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীর নাম প্রস্তাব করেন, যাদের মধ্যে জেনারেল হ্লাইং একজন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চি-র সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল হ্লাইং।

 

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে সামরিক বাহিনী সমর্থিত একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বর্তমানে ৬৯ বছর বয়সী হ্লাইং ২০১১ সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

 

বিশ্লেষকরা জেনারেল উইন উ-কে হ্লাইংয়ের অত্যন্ত আস্থাভাজন কর্মকর্তা হিসেবে বিবেচনা করেন। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের সম্প্রচার অনুযায়ী, সামরিক বাহিনী সমর্থিত দলের আইনপ্রণেতা কিউ কিউ বলেছেন, “সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”

 

পার্লামেন্টের উচ্চকক্ষ আরও একজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে মনোনয়ন দেবে। পরে পার্লামেন্টের উভয় কক্ষ মিলে ভোটের মাধ্যমে এই তিনজনের মধ্যে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে। প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

 

ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) জয়ী হলেও জাতিসংঘ ও অনেক পশ্চিমা দেশ এটিকে ‘প্রহসনের নির্বাচন’ বলে অভিহিত করেছে।

 

#মিয়ানমার #মিনঅংহ্লাইং #সামরিকঅভ্যুত্থান #ভাইসপ্রেসিডেন্ট #নির্বাচন