খেলাধুলা
১৪ এপ্রি, ২০২৬

ম্যারাডোনার মৃত্যু রহস্য: অবহেলা ও কেলেঙ্কারির পর নতুন বিচার শুরু

ম্যারাডোনার মৃত্যু রহস্য: অবহেলা ও কেলেঙ্কারির পর নতুন বিচার শুরু

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুরহস্য ঘিরে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে। পূর্বের বিচার কার্যক্রম এক বিচারকের বিতর্ক ও কেলেঙ্কারির কারণে ভেস্তে গিয়েছিল।

 

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ম্যারাডোনা। হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পরই তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে, চিকিৎসকদের অবহেলার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের মৃত্যু হয়েছে।

 

২০২০ সালের নভেম্বরে ম্যারাডোনার মৃত্যুর পর সাত সদস্যের একটি মেডিক্যাল টিমকে অভিযুক্ত করে আদালতে তোলা হয়। দীর্ঘ শুনানিতে ম্যারাডোনার সন্তানসহ বিভিন্ন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। তবে আড়াই মাস চলার পর বিচার কার্যক্রম হঠাৎই থেমে যায়।

 

পরবর্তীতে, এক বিচারক মামলাসংশ্লিষ্ট একটি ডকুমেন্টারিতে জড়িত থাকার অভিযোগে পুরো বিচার বাতিল ঘোষণা করা হয়। বিচারিক নীতির গুরুতর লঙ্ঘনের দায়ে সেই বিচারক জুলিয়েতা মাকিনতাখকে অভিশংসিত করা হয়।

 

নতুন করে শুরু হওয়া এই বিচারে অন্তত ১২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। আদালত খতিয়ে দেখবে ম্যারাডোনার মৃত্যুর জন্য তার চিকিৎসক দল কতটা দায়ী ছিল।

 

অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক, মনোবিদ ও নার্স, যারা হাসপাতাল থেকে ফেরার পর ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসার দায়িত্বে ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

 

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম বিতর্কিত এই মৃত্যুর বিচার নতুন করে শুরু হওয়ায় পুরো ঘটনা আবারও আলোচনায় এসেছে এবং ফুটবল বিশ্ব ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। #ম্যারাডোনা #মৃত্যরহস্য #আদালত #বিচার #ফুটবল