নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার (৫২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি শুক্রবার (৬ মার্চ) বিকালে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় ঘটেছে।
স্থানীয় বিজিবি ও সূত্র জানায়, পাইনছড়ি এলাকার ৫১ ও ৫২নং পিলার সংলগ্ন মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় কয়েকজন গাছকাঠুরিয়া কাঠ সংগ্রহে গিয়েছিলেন। এ সময় কাঁটাতারের পাশে পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরিত হলে আব্দুল জব্বারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত আব্দুল জব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।