National
৯ এপ্রি, ২০২৬

নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুট ব্যবসার দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুট ব্যবসার দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস ওয়েস্টেজ (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জাতীয়তাবাদী যুবদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ‘ডসল্যান্ড গার্মেন্টস’-এর সামনে এই ঘটনা ঘটে।

 

সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে রাকিব (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং রফিক নামে আরেকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ডসল্যান্ড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং সংঘর্ষ শুরু হয়।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় অভি গ্রুপের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এনায়েতনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন।

 

চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জীবন বাঁচাতে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

 

স্থানীয়দের অভিযোগ, জেলা যুবদলের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় সারজিল আহমেদ অভি এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন এবং তার বাহিনী ঝুট ব্যবসা ও এলাকা নিয়ন্ত্রণে নিয়মিত মহড়া দিচ্ছে। এর আগেও তার নেতৃত্বে একই এলাকায় ‘মাদার কালার’ গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছিল।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

#নারায়ণগঞ্জ #ফতুল্লা #যুবদল #সংঘর্ষ #গুলিবিদ্ধ