নাটোর: তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গুরুতর আহত

নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার কদমতলা মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ (৪৮) নিহত এবং ছেলে কাউসার মাহমুদ (২৫) গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আবুল কালাম আজাদের ছেলে কাউসার মাহমুদের সঙ্গে প্রতিপক্ষের বাগ্বিতণ্ডা হয়েছিল। এরই জের ধরে সোমবার গভীর রাতে আলামিন, হামজা, রহিম ও তার ছেলেরাসহ ছয়-সাতজন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউসার মাহমুদের ওপর হামলা চালায়। তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে বাবা ও ছেলে গুরুতর জখম হন।
পরিবার ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। আহত ছেলে কাউসার মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
#নাটোর #ছুরিকাঘাত #হত্যাকাণ্ড #কান্দিভিটুয়া #আহত