National
১৩ মার্চ, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক: অসুস্থ গরুর মাংস খেয়ে ৮ জন আক্রান্ত, ৩ জন আশঙ্কাজনক

নাটোরের গুরুদাসপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক: অসুস্থ গরুর মাংস খেয়ে ৮ জন আক্রান্ত, ৩ জন আশঙ্কাজনক

নাটোরের গুরুদাসপুরে অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে অন্তত ৮ জন অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

উপজেলার চলনালী গ্রামের আবদুল গফুরের অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবাই করার পর এই ঘটনা ঘটে। জবাইয়ের সঙ্গে জড়িত ৮ ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়, যার মধ্যে ছানারুল সরকার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত ব্যক্তিরা হলেন- গোলাম মোস্তফা চুন্টু সরকার, ছানারুল সরকার, আসাদ মোল্লা, লাভলি বেগম, রাহুল সরকার, আবদুর রহিম সরকার, আলতাব হোসেন ও খাদিজা বেগম।

 

ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ অফিস আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে একটি বিশেষ দল এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

 

রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের ডেপুটি চিফ ইপিডেসিওলজিস্ট ডা. মকলেছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দলও রোগীদের চিকিৎসা দিচ্ছে।

 

উল্লেখ্য, এর আগেও গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চক-আদালত-খাঁ ও মামুদপুর গ্রামের ১২ ব্যক্তি অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছিলেন।

 

#অ্যানথ্রাক্স #গুরুদাসপুর #তড়কা_রোগ #গবাদিপশু #জনস্বাস্থ্য