নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে প্রসূতির মৃত্যু, স্বজনদের ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোগীর অবস্থা অবনতি হলে চিকিৎসক, কর্মচারী ও মালিক রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে পালিয়ে যান। পরে অ্যাম্বুলেন্সেই ওই প্রসূতি মা মারা যান।
ঘটনার পর রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর করেন। তবে নবজাতক শিশুটি সুস্থ রয়েছে।
জানা যায়, শনিবার রাতে নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী রাকিবা আক্তার (১৮) প্রসব ব্যথা নিয়ে আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। ডা. সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়।
অপারেশনের কিছুক্ষণ পরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্যত্র পাঠানোর জন্য তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডাকে এবং রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে চিকিৎসক ও কর্মচারীরা পালিয়ে যান।
নিহতের মা রেহেনা আক্তার অভিযোগ করেন, 'আমার মেয়েকে টাকার লোভে ডাক্তার নামে কসাই দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাইব।'
এর আগেও এই হাসপাতালে প্রসূতি মা ও সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
#নবীনগর #আহমেদপ্রাইভেটহাসপাতাল #প্রসূতিমৃত্যু #হাসপাতালভাঙচুর