নকলায় জমি বিরোধে কৃষক খুন: আটক ৩ নারী

শেরপুরের নকলায় বাড়ির সীমানা ও রাস্তার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে খোরশেদ আলী (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই বকুল মিয়ার অভিযোগ অনুযায়ী, তাদের চাচাতো বোনের স্বামী জুলহাস মিয়ার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে পারিবারিক ঝগড়া চলাকালে খোরশেদ রাস্তা দিয়ে যাওয়ার সময় জুলহাসের পরিবারের লোকজন তাকে একা পেয়ে গলা চেপে ধরে। এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তার সহ তিন নারীকে আটক করেছে।
তবে জুলহাসের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কথা কাটাকাটির একপর্যায়ে খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন এবং উত্তেজনার কারণে স্ট্রোক করে থাকতে পারেন। হত্যার অভিযোগকে তারা মিথ্যা বলে দাবি করেছেন।
নকলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম জানিয়েছেন, কৃষক খোরশেদের মৃত্যুর অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।