National
৩ মার্চ, ২০২৬

নওগাঁয় ট্রাক্টরের চাপায় শিক্ষকের মৃত্যু: ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ

নওগাঁয় ট্রাক্টরের চাপায় শিক্ষকের মৃত্যু: ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ

নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (৩০) নামে এক কোচিং শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রিমন হোসেন কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আড়চা গ্রামে যাচ্ছিলেন। কাদিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিবিসি ইটভাটার একটি ট্রাক্টর তাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পর এলাকাবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়ে। উত্তেজিত জনতা নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের কীর্ত্তিপুর গ্রামের শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটার ৪টি ট্রাক্টর ও ১টি ভেকু (এক্সকাভেটর) মেশিনে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এরপর তারা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা ভেঙে দেওয়ার আশ্বাস দেওয়া হলে উত্তেজিত জনতা তাদের অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুশফিকুর রহমান নিশ্চিত করেছেন যে, ট্রাক্টরের চাপায় শিক্ষক রিমন হোসেন মারা গেছেন এবং চালক পলাতক রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।