National
১৪ মার্চ, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়ায় স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মিলন (৩৮) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে উপজেলার হরণী ইউনিয়নের আলআমিন গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার ভোরে মিলন একটি এসএস পাইপ দিয়ে তাজ নাহারকে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের কব্জি ভেঙে যায়।

 

গুরুতর আহত অবস্থায় তাজ নাহার সকাল ছয়টার দিকে অজ্ঞান হয়ে পড়েন এবং সকাল ৯টার দিকে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। স্ত্রী মারা গেছেন জানতে পেরে অভিযুক্ত মিলন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদ উল্যাহ জানান, সুরতহাল প্রতিবেদনে নিহত নারীর মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং ডান হাতের কব্জি ভাঙা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।

 

হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন নিশ্চিত করেছেন যে, পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স্বামীকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#হাতিয়া #গৃহবধূরমৃত্যু #পারিবারিককলহ #স্বামীরনির্যাতন #নোয়াখালী